বুধবার , ০৪ মার্চ ২০২৬
Wednesday , 04 March 2026
১৯ ফাল্গুন ১৪৩২
১৪ রমজান ১৪৪৭

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:১২, ১৫ অক্টোবর ২০২৫

পরিবারপ্রতি ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি!

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি!

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যিনি নিজেই সহায়তা বিতরণ করবেন বলে জানানো হয়।

এসময় রিজভী আহমেদ বলেন, “মর্মান্তিক এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই না আর কোনো পরিবার এভাবে অগ্নিদগ্ধ হয়ে প্রিয়জন হারাক। বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় অননুমোদিত শিল্প স্থাপন ও সমন্বয়হীনতার অবসানে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি চারতলা ভবনে অবস্থিত ‘আর এন ফ্যাশন’ পোশাক কারখানা ও পাশে থাকা রাসায়নিক গুদামে হঠাৎ করে ভয়াবহ আগুন লাগে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, পুরো ভবনই মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধোঁয়ার কারণে ভবনের অনেক বাসিন্দা বের হতে না পেরে ভেতরেই প্রাণ হারান। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় অননুমোদিত কারখানা, দাহ্য রাসায়নিক গুদাম এবং তদারকির অভাবই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত কোনো ব্যবস্থা না থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে বেড়ে যায়।

নিহতদের পরিবারগুলো এখন নিঃস্ব। স্বজনহারা মানুষগুলো যখন দিশেহারা, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা হয়তো সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাদের কাছে এক ধরনের সাহস ও সহানুভূতির বার্তা বয়ে আনবে।

সর্বশেষ

জনপ্রিয়