ইসরাইলের ৫ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের আরও পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজ রোববার (১৭ মে) ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ‘টাইমস অব ইসরাইল’।
প্রতিবেদনে বলা হয়েছে, পরোয়ানা জারি হওয়া পাঁচজনের মধ্যে তিনজন রাজনৈতিক নেতা এবং বাকি দুজন সামরিক কর্মকর্তা। তবে ঠিক কবে এই পরোয়ানাগুলো জারি করা হয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি। সাধারণত আইসিসি তদন্তের স্বার্থে গোপনে পরোয়ানা জারি করে এবং পরবর্তীতে তা জনসমক্ষে প্রকাশ করে।
এই বিষয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্টেট অ্যাটর্নি অফিস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নেপথ্য ইতিহাস
আইসিসি কর্তৃক ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক এই আদালত। ২০২৪ সালের মে মাসে আইসিসি প্রসিকিউটর করিম খান এই পরোয়ানার আবেদন করেছিলেন।





































