রোববার , ১২ এপ্রিল ২০২৬
Sunday , 12 April 2026
২৮ চৈত্র ১৪৩২
২৩ শাওয়াল ১৪৪৭

শিক্ষা

প্রকাশিত: ১৩:০২, ১১ এপ্রিল ২০২৬

"তুমিও ফেল, আমিও ফেল"—শিক্ষামন্ত্রীর সতর্কবার্তা

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সরাসরি শিক্ষার্থীদের মুখ থেকে শুনলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রচলিত প্রথা ভেঙে সরাসরি শিক্ষার্থীদের মাঝে গিয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

"তুমিও ফেল, আমিও ফেল"—শিক্ষামন্ত্রীর সতর্কবার্তা

আসন্ন পরীক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে এবং শিক্ষার মান নিয়ে আপস না করার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, "পরীক্ষায় ঠিকমতো প্রস্তুতি না নিলে তুমিও ফেল করবে, আর শিক্ষা নিশ্চিত করতে না পারলে ছয় মাস পর সরকার হিসেবে আমিও ফেল। এখানে কারও বাঁচার উপায় নেই।" দায়িত্বশীলতার জায়গা থেকে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

ল্যাব ও ক্লাসের বেহাল দশা

অনুষ্ঠানে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, নিয়মিত ক্লাস ও প্র্যাকটিক্যাল কাজ না হওয়ায় তারা পাঠ্যক্রম বুঝতে হিমশিম খাচ্ছেন। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মাশফিকুর রহমান মন্ত্রীর কাছে স্বীকার করেন যে, ১৯৬৩ সালে নির্মিত জরাজীর্ণ ভবন এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে ল্যাব পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে কঠোর অবস্থান

অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা হাতে-কলমে শিখতে না পারার অভিযোগ শুনে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। প্রিন্সিপাল যখন জানান যে অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে চায় না, তখন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, "শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই সেখানে সুযোগ দিতে হবে এবং মেশিন ব্যবহার করতে দিতে হবে। কেন তা হচ্ছে না, তা দ্রুত খতিয়ে দেখা হবে।"

ঝরে পড়া রোধ ও শিক্ষক সমস্যা

পলিটেকনিকের ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ার পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এছাড়া ১৯ জন শিক্ষকের দীর্ঘ ৭ বছর বেতন না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় পরীক্ষা নিয়ে তাদের আত্তীকরণের প্রতিশ্রুতি দেন।

কারিগরি শিক্ষার আধুনিকায়ন

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার নতুন প্রকল্প হাতে নিচ্ছে। তিনি বলেন, "সমস্যাগুলো চিহ্নিত করে সরাসরি শিক্ষার্থীদের মতামত নিয়ে প্রকল্প নেওয়া হবে।"

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়