শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বরাদ্দ, বাড়ছে জিডিপি অংশও : শিক্ষামন্ত্রী
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেতে যাচ্ছে শিক্ষা খাত। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ খাতে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ সমপরিমাণ বরাদ্দ চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ০ দশমিক ৩১ শতাংশ বেশি।
তিনি আরও জানান, ভবিষ্যতে ধাপে ধাপে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার তহবিল থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ভাতা ও সুবিধা প্রদান বন্ধ রয়েছে।
তবে শিক্ষকদের জন্য সুখবরও দিয়েছেন তিনি। আগামী এক মাসের মধ্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।





































