লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন উপলক্ষে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ হরমুজ আলী। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন। তারা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। এরপর মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
‘মিট দ্য প্রেস’-এ উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেনসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের প্রতিনিধি মোহাম্মদ হরমুজ আলী।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক লেইন জামে মসজিদ ট্রাস্ট ২০২৬ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে। প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানের দীর্ঘ ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক আয়োজন সফল করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে সবার মিলনমেলায় পরিণত করতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।




































