বুধবার , ১৫ জুলাই ২০২৬
Wednesday , 15 July 2026
৩০ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৪:৩৪, ১৪ জুলাই ২০২৬

//

উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকল্পের সম্ভাবনা ও কার্যকারিতা মূল্যায়ন করে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা পর্যাপ্ত জামানত বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। সেই সীমাবদ্ধতা দূর করতেই সরকারের এই বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

তিনি জানান, অর্থায়নের জন্য গঠিত কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা, বাস্তবতা ও প্রভাব বিবেচনা করে অর্থ সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য ও সম্ভাবনাময় প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়েই অর্থায়ন করা হবে।

সরকারি অর্থ ব্যবহারে জবাবদিহির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জনগণের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পারলেও ভবিষ্যতে সম্ভাবনা থাকলে দ্বিতীয় দফায় অর্থায়নের সুযোগও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, অনলাইন আবেদন, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের তথ্য এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের মতে, এই প্ল্যাটফর্ম দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ৫০০ কোটি টাকার এই স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: