১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু এইচএসসি পরীক্ষা
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।
প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ব্যবহার করছেন বডি-ওর্ন ক্যামেরা। এছাড়া সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। এই সেল থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থীর বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। পরীক্ষা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নির্ধারিত ফোন নম্বর ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।





































