বুধবার , ১৫ জুলাই ২০২৬
Wednesday , 15 July 2026
৩০ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৮:০০, ১৩ জুলাই ২০২৬

//

শেখ হাসিনা আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা, জেলে যেতে হবে: শামা ওবায়েদ

শেখ হাসিনা আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা, জেলে যেতে হবে: শামা ওবায়েদ

শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নিয়ে সরকারের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। তিনি বলেন, “আমি আগেও বলেছি, একজন আসামি কী বক্তব্য দিলেন, সেটি বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার বিষয় নয়। তিনি বাংলাদেশের আইনে সাজাপ্রাপ্ত আসামি।”

তিনি আরও বলেন, “যে কোনো আসামি আত্মসমর্পণ করলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা, সেটিই নেওয়া হবে।”

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা যেখানেই বা যেভাবেই আত্মসমর্পণ করুন না কেন, আইনগত প্রক্রিয়া একই থাকবে। “তিনি যদি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন, তাহলে প্রচলিত আইনের বিধান অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে,” বলেন তিনি।

এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের যে নিয়মিত সংলাপ ও আলোচনা হয়, সেখানে এই বিষয়টি সবসময় আলোচনার এজেন্ডায় থাকে।”

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: