বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 02 September 2026
১৭ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৬:১৭, ২ জুন ২০২৬

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (ডুয়াক)-এর ৫ম অনুমোদিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ৩১ মে লন্ডনের আইভি হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, নবগঠিত কার্যনির্বাহী কমিটি ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করে। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং অনুমোদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়।

গত ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কনভেনর শামসুজ্জামান দুদু এবং মেম্বার সেক্রেটারি এটিএম আব্দুল বারী ড্যানি নবগঠিত কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির প্রধান কর্মকর্তারা হলেন— সভাপতি অধির রঞ্জন দাস, সিনিয়র সহ-সভাপতি ড. সিরাজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলবুল হাসান, কোষাধ্যক্ষ এ বি এম আশাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সায়মা আহমেদ এবং দপ্তর সম্পাদক সলিসিটর সিনথিয়া দাস।

প্রতিষ্ঠার পর থেকে ডুয়াক যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিবন্ধিত চ্যারিটি হিসেবে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা, অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম এবং অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় পৃথক দুটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শাখা কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশে নারীদের স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন উন্নয়নে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, মূল্যবোধ ও মানবিক চেতনাকে সমুন্নত রেখে যুক্তরাজ্যে বসবাসরত ঢাবিয়ানদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করবে। একই সঙ্গে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কার্যকর ও ইতিবাচক অবদান রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ

জনপ্রিয়