একদলীয় শাসনে বিশ্বাস করে না বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পাঁচ দশক ধরে নিরলস আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে।
শনিবার মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমিরের বিএনপিকে নিয়ে করা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “কে কী বলেছেন, সে বিষয়ে তাকেই প্রশ্ন করা উচিত। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থার পক্ষে নয়। বরং গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং তারেক রহমানও গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়েছেন।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র নিয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল এবং তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না।”
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক স্বার্থ, সম্মান ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।





































