শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
Friday , 02 October 2026
১৬ আশ্বিন ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রযুক্তি

প্রকাশিত: ১৭:০১, ২৯ জুন ২০২৬

ব্যয় কমাতে বিশ্বজুড়ে ৫,৫০০ কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্যয় কমাতে বিশ্বজুড়ে ৫,৫০০ কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে বিশ্বব্যাপী ৫ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। একই সঙ্গে আরও প্রায় সাড়ে ৩ হাজার পদের দায়িত্ব বাইরের প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করার পরিকল্পনাও জানিয়েছে কোম্পানিটি।

সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। কোম্পানির পুনর্গঠন পরিকল্পনার আওতায় ২০২৮ সালের মধ্যে বছরে ৬০ কোটি পাউন্ড (প্রায় ৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার) ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিএটির তথ্য অনুযায়ী, এই পুনর্গঠনের প্রভাব পড়বে প্রতিষ্ঠানটির মোট ৪৭ হাজার কর্মীর প্রায় ২০ শতাংশের ওপর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি বছর কোম্পানির পুনর্গঠন কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হবেন। এর মধ্যে ৫ হাজার ৫০০ কর্মী চাকরি হারাবেন এবং আরও সাড়ে ৩ হাজার পদের কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) রূপান্তরের অংশ হিসেবে ভবিষ্যতের উপযোগী, আরও গতিশীল ও ব্যয়-সাশ্রয়ী একটি প্রতিষ্ঠান গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই পরিবর্তনের কারণে অনেক কর্মীর ওপর প্রভাব পড়বে। তবে পুরো প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি সর্বোচ্চ সম্মান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে, যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়