মেসির ৩৯তম জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা: তার সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দুই মহাতারকা নেইমার জুনিয়র ও লিওনেল মেসির বন্ধুত্ব ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত সম্পর্ক। মেসির ৩৯তম জন্মদিনে সেই বন্ধুত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল নেইমারের বক্তব্যে।
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর, যেখানে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মেসির জন্মদিন নিয়ে প্রশ্ন করা হয় নেইমারকে। জবাবে তিনি আর্জেন্টাইন অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেন।
নেইমার বলেন, “মাঠের বাইরে মেসি আরও ভালো একজন মানুষ।” এ সময় একজন সাংবাদিক মজা করে বলেন, “মাঠেও তো সে অসাধারণ।” উত্তরে হেসে সম্মতি জানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপর তিনি আরও বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আমি মেসিকে কাছ থেকে চিনি এবং তার সঙ্গে খেলেছি। সে আমার খুব ভালো বন্ধু। গত কয়েক দিনেও আমাদের কথা হয়েছে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি এবং সম্মান করি।”
দুই তারকার বন্ধুত্বের শুরু ২০১৩ সালে, যখন নেইমার বার্সেলোনায় যোগ দেন। মেসি তাকে আপন করে নেন এবং পরে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে ওঠে কিংবদন্তি ‘এমএসএন’ আক্রমণভাগ। এই ত্রয়ীর হাত ধরেই ২০১৫ সালে বার্সেলোনা জিতে নেয় ঐতিহাসিক ট্রেবল।
২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দিলেও মেসির সঙ্গে তার সম্পর্ক অটুট থাকে। পরে ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও একসঙ্গে খেলার সুযোগ পান তারা। যদিও প্রত্যাশিত ইউরোপীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়নি।
২০২৩ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে, আর নেইমার পাড়ি জমান আল-হিলালে। পরবর্তীতে ইনজুরির সঙ্গে লড়াই শেষে নেইমার ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে।
অন্যদিকে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচটি গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি, যা আবারও তার অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছে।





































