সুইডেনকে হালকাভাবে নিচ্ছে না ফ্রান্স, সতর্ক থাকার বার্তা দেশমের
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার মতে, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং নকআউট পর্বে টিকে থাকতে হলে দলকে সর্বোচ্চ মনোযোগ নিয়ে খেলতে হবে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, “সুইডেনের হারানোর কিছু নেই। তারা নিশ্চয়ই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তাই আমাদের বিনয়ী থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে এবং কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না। গ্রুপ পর্বে ভুল করার সুযোগ ছিল, কিন্তু এখন আর দ্বিতীয় সুযোগ নেই।”
পারিবারিক কারণে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ের ম্যাচে থাকতে পারেননি দেশম। তবে শনিবার তিনি দলের সঙ্গে আবার যোগ দিয়েছেন।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। যদিও গ্রুপ পর্বের শুরুটা কিছুটা ধীরগতির ছিল, পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লেস ব্লুজরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সহ-আয়োজক মেক্সিকোর সঙ্গে গ্রুপ পর্বে শতভাগ সফলতা পাওয়া মাত্র তিনটি দলের একটি ফ্রান্স। ১০ গোল করে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ গোলদাতা দলও তারা।
তবে নকআউট পর্ব শুরুর আগে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না দেশম।
তিনি বলেন, “এখন থেকে নতুন লড়াই শুরু হচ্ছে। আমাদের আত্মবিশ্বাস আছে, কিন্তু এটাও জানি যে এখন প্রতিপক্ষের মান আরও অনেক বেশি কঠিন হবে।”
অন্যদিকে, বাছাইপর্বে প্রত্যাশা পূরণ করতে না পারলেও উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও তিউনিসিয়াকে উড়িয়ে দেওয়া এবং জাপানের বিপক্ষে ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে তারা।
সুইডেনের শক্তির জায়গা নিয়েও সতর্ক দেশম। তিনি বলেন, “তারা শারীরিকভাবে খুব শক্তিশালী দল। ভিক্টর গিওকেরেস, আলেকজান্ডার ইসাক ও অ্যান্থনি এলাঙ্গার মতো আক্রমণভাগের খেলোয়াড়দের কারণে তারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে।”
এদিকে, সামান্য পেশির চোটে ফরোয়ার্ড মার্কুস থুরামের খেলা অনিশ্চিত। অভিজ্ঞ মিডফিল্ডার এন'গোলো কান্তেকেও নিয়ে রয়েছে শঙ্কা। তবে পিঠের ব্যথা কাটিয়ে সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা মূল একাদশে ফিরতে পারেন বলে আশা করছে ফ্রান্স শিবির।




































