শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
Friday , 03 July 2026
১৮ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খেলা

প্রকাশিত: ০৮:৪৫, ১ জুলাই ২০২৬

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

কিলিয়ান এমবাপের দুর্দান্ত জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার একটি গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে সহজ জয় তুলে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ২০তম মিনিটে এমবাপে বল জালে জড়ালেও ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে তাতে দমে যায়নি ফরাসিরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের আগমুহূর্তে, ৪৫তম মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস থেকে বক্সের ভেতর জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম গোল।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৫৩তম মিনিটে মাইকেল ওলিসের দারুণ পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।

এর মাত্র ১০ মিনিট পর আবারও প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করেন এমবাপে। ৬৩তম মিনিটে ওলিসের রক্ষণচেরা পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে সুইডেনের গোলরক্ষক জ্যাকব ভিদেল জেটারস্ট্রমকে পরাস্ত করেন তিনি। বাঁকানো দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন এই ফরাসি অধিনায়ক।

পুরো ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে ছিল ফ্রান্সের একচ্ছত্র আধিপত্য। সুইডেনকে তেমন কোনো কার্যকর আক্রমণের সুযোগই দেয়নি তারা। ৩-০ গোলের দাপুটে জয়ে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন কিলিয়ান এমবাপে।

সর্বশেষ

জনপ্রিয়