বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে নাশতা করেছেন হানিয়া আমির 

ঢাকায় নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে নাশতা করেছেন হানিয়া আমির 
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ঢাকায় আসার খবর রাষ্ট্র হয়েছে। বাংলাদেশে পা রেখে তিনি কী কী করে বেড়াচ্ছেন সামাজিক মাধ্যমের কল্যাণে সামনে আসছে সেসব খবরও। নতুন খবর হলো, ঢাকায় এসে নাগা মরিচের ঝাল্মুড়ি দিয়ে সকালের নাশতা সেরেছেন এ অভিনেত্রী। সে খবর সংবাদমাধ্যমকে দিয়েছেন তারকা দম্পতি নাঈম-শাবনাজের মেয়ে নামিরা নাঈম।

তিনি বলেন, ‘একদম সকালে যখন হানিয়া আমির শুটিং করতে আসে, শুনেছি তখনও নাশতাও করেনি। কিন্তু খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।’

নাঈম-শাবনাজকন্যার সঙ্গে হানিয়ার সংযোগ ঘটিয়েছেন দেশের জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার রাফসান দ্য ছোটভাই। হানিয়াকে নিয়ে ফুড ভ্লগিংয়ের উদ্দেশ্যে তার এ প্রচেষ্টা। 

এ প্রসঙ্গে নামিরা বলেন, ‘‘রাফসান একটি ভিডিও ভ্লগ বানাবে, তার ইচ্ছা ঢাকার আহসান মঞ্জিলে সেটির শুটিং করবেন। কীভাবে যেন জেনেছে, আমাদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্কের কথা। এরপর আমার সঙ্গে কথা বলে। তারপর শুটিংয়ের অনুমতি মেলে। সিদ্ধান্ত হয়, একদম সকাল সকাল শুটিং করতে হবে। এরপর আমরা ভোর সাড়ে চারটায় আহসান মঞ্জিলে যাই। হানিয়া আসেন সাড়ে পাঁচটার দিকে। টানা সাড়ে তিন ঘণ্টা শুটিং হয়। আমরা আহসান মঞ্জিল থেকে সাড়ে ৯টার মধ্যে বেরিয়ে পড়ি।’

এরপর হানিয়ার সঙ্গে আলাপের অভিজ্ঞতা তুলে ধরে নামিরা আরও বলেন, ‘হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজনেরা আছেন, সেই গল্পও শুনল। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাঁদের নিয়েও আলাপ হলো। ইনস্টাগ্রাম থেকে তাঁর একরকম ব্যক্তিত্বের ব্যাপারে উপলব্ধি করেছি, কিন্তু সামনাসামনি অন্য রকমভাবে তাঁকে আবিষ্কার করলাম। খুই চমৎকার, প্রাণখোলা একজন মানুষ। অনেক মজা করেছি আমরা।’

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। পৌঁছেই খবরটি জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‌‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে তিনি বাংলাদেশ ও নিজ দেশ পাকিস্তানের পতাকার সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

আগামীকাল ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে এ অভিনেত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়