বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 02 September 2026
১৭ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

সালমান-শাহরুখ-আমির এক ছবিতে তিন খান!

সালমান-শাহরুখ-আমির এক ছবিতে তিন খান!

ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকদের চাওয়া একসঙ্গে একটি সিনেমায় শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে দেখার! তিন খানকে একফ্রেমে পাওয়ার সেই আকাঙ্ক্ষা যেন সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে সবার। এ নিয়ে বছরজুড়েই চলে নানা গুঞ্জন আর জল্পনা। যদিও সিনেমার পর্দায় এখনও সেই মাহেন্দ্রক্ষণ আসেনি, তবে বাস্তবে মিলেছে এক দুর্লভ মুহূর্ত— এক ছবিতে ধরা দিলেন বলিউডের তিন সুপারস্টার!

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে। সেখানে একফ্রেমে ধরা পড়েন শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন বিশ্বখ্যাত ইউটিউবার ও নেটপ্রভাবী মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন)।

ছবিতে দেখা যায়, মিস্টার বিস্টের ডান পাশে শাহরুখ, বাম পাশে সালমান ও আমির। ইনস্টাগ্রামের স্টোরিতে ছবিটি শেয়ার করে মিস্টার বিস্ট মজার ছলে ভারতীয়দের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন— “আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?”

ছবির স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ার মতো। কালো পোশাকে ধরা দিয়েছেন শাহরুখ, আমির ও মিস্টার বিস্ট, আর সালমান খান ছিলেন ছাই রঙের প্যান্ট-শার্ট ও ব্লেজারে।

ছবিটি পোস্ট হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “আম্বানির পর তিন খানকে এক ফ্রেমে আনতে পেরেছেন কেবল মিস্টার বিস্ট!” আবার কেউ কেউ আশাবাদী— ভবিষ্যতে এই চারজনকে একসঙ্গে কোনো কাজেও দেখা যেতে পারে।

তবে এটিই প্রথম নয়, এর আগেও তিন খানকে একসঙ্গে দেখার সম্ভাবনায় উত্তাল হয়েছে দর্শক পাড়া। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে তিন খান ক্যামিও চরিত্রে থাকলেও, দুঃখজনকভাবে একসঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি তাদের।

তাই বলিউডের ইতিহাসে তিন খানের একসঙ্গে কাজ করা এখনো ‘অসমাপ্ত গল্প’। কিন্তু এই সাম্প্রতিক ছবি নতুন করে জ্বালিয়ে দিয়েছে আশার আলো। একসঙ্গে একটি সিনেমায় তিন খান— বাস্তবে সেটা কবে হবে, কেউ জানে না। কিন্তু ততদিন এই ছবিই হয়তো ভক্তদের হৃদয়ে ‘অমূল্য স্মৃতি’ হয়ে থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়