বিদ্যুতের দাম বাড়াল সরকার, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ
দেশে পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে, যা ইউনিটপ্রতি ১ টাকা ৫২ পয়সা বেশি।
এর ফলে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য প্রায় ১৯.৮৫ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেল।
এর আগে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন হারে দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেয়।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।
সব দিক বিবেচনায় নিয়ে বিইআরসি নতুন মূল্যহার চূড়ান্ত করেছে, যা ঘোষণার পর থেকেই কার্যকর হবে।





































