মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, অনিয়মিত অভিবাসী শ্রমিকদের বৈধতা প্রদান, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতসহ আরও কয়েকজন উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা।
এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
মালয়েশিয়া সফর শেষে সোমবার কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কুয়ালালামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে, যা সফরের গুরুত্ব ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে।





































