সোমবার , ২২ জুন ২০২৬
Monday , 22 June 2026
৮ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৬:৪১, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয়টি এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন কিংবা অন্যান্য কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা ও নাশকতার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম মহানগরীসহ নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। এসব এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সেনাবাহিনী কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। সরকার এসব কর্মসূচিকে বেআইনি হিসেবে বিবেচনা করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে এ নিষেধাজ্ঞার আইনি ভিত্তি আরও শক্তিশালী করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়