বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সাজানো অভ্যর্থনা মঞ্চে নিয়ে যান।
এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
পরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দেন।
আনুষ্ঠানিক স্বাগত পর্ব শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।





































