শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
Friday , 02 October 2026
১৬ আশ্বিন ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২, ১২ অক্টোবর ২০২৫

সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ: বিএনপি

সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ: বিএনপি
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেনাবাহিনীর যেসব সদস্য গুম-খুনের মতো অপরাধে জড়িয়েছে, তাদের সুষ্ঠু ও নির্মোহ বিচার জরুরি বলে মনে করে বিএনপি। শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায়বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায়, সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি।

একটি দেশের চলা উচিত ‘ল অব দ্যা ল্যান্ড’ অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো-মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি, একান্তই তার নিজের।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি ফ্যাসিবাদের পুরো সময়জুড়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীকে ঘিরে জনগণের আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক নেই, থাকা উচিতও নয়।

সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান। আর তাই, অধিকাংশ সেনাসদস্য নিশ্চিতভাবেই মন থেকে চান, সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। সর্বজনীন এই আকাঙ্ক্ষার সাথে বিএনপি শতভাগ একমত।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: